ঢাকা, ৫ ডিসেম্বর:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ও গণআন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে।
এছাড়া, আদালত নির্দেশ দিয়েছে যে, শেখ হাসিনা পূর্বে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন, তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ প্রদান করে।
সম্প্রতি, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তবর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করেছেন, যা বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে। প্রসিকিউশন বলছে, শেখ হাসিনার দেওয়া হেইট স্পিচ বন্ধের জন্য এই আবেদন করা হয়েছে।
এর আগে, ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় তদন্ত শেষ করার জন্য এক মাসের সময়সীমা নির্ধারণ করে। ১৭ ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে।
গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, ১৪ দলের নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দেড়শোর বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে। বর্তমানে সাবেক ১০ মন্ত্রীসহ ২৫ জন গ্রেফতার আছেন।

0 মন্তব্যসমূহ